কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তের দিক থেকে ছোড়া গুলিতে মো. সোহেল (১৫) ও মোহাম্মদ আব্দুল্লাহ (১৬) নামে দুই কিশোর জেলে গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী সংলগ্ন নাফ নদীর সীমান্ত এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে সোহেল ও একই এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে আব্দুল্লাহ গুলিবিদ্ধ হন।
ঘটনায় সোহেলের বাম পা ও হাতে এবং আব্দুল্লাহর মাথায় গুলি লাগে। চিকিৎসকদের মতে, দুজনের অবস্থাই আশঙ্কাজনক। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, ওই এলাকায় দুই কিশোর গুলিবিদ্ধ হয়েছে এবং তারা বর্তমানে বেসরকারি এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের মতে, হোয়াইক্যং সীমান্তে মিয়ানমার অংশ থেকে গোলাগুলির শব্দ শোনার দেড় ঘণ্টা পর দুজন কিশোর গুলিবিদ্ধ হয়- একজনের মাথায় ও অন্যজনের পায়ে। জিজ্ঞাসাবাদে তারা স্পষ্ট তথ্য দিতে পারেনি। ঘটনা তদন্তাধীন রয়েছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।