প্রতারণায় অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাদী আনাননিয়া শবনম রোজের আবেদনে এ রায় দেওয়া হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পিবিআইয়ের দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে সোমবার আদেশ দেন। এ আদেশে গায়ক নোবেলসহ মোট পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অভিযুক্তরা হলেন নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং মাসুদ রানা।
বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলামের ভাষ্য অনুযায়ী, নোবেল বিয়ের প্রলোভন দেখিয়ে আনাননিয়া শবনম রোজের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং সেই সুযোগে তার কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন। ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে এই অর্থ নেওয়া হয়। এ ঘটনায় গত বছরের ১৩ আগস্ট নোবেলের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪১৭, ৫০৬ ও ১০৯ ধারাসহ পর্নোগ্রাফি আইনের ৮(১) ও ৮(২) ধারায় আদালতে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
অন্যদিকে ভুক্তভোগী রোজ বলেন, দুই পরিবারের মাধ্যমে আমাদের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছিল। ভিডিও ও ছবি দিয়ে প্রায়ই ব্ল্যাকমেইল করে আমার কাছ থেকে প্রচুর টাকা-পয়সা নিতো নোবেল। সামাজিকভাবে বিয়ে না করা আমি মেনে না নেওয়ায় আমাকে ওর স্টুডিওতে টর্চার সেলে একদিন আটকে রাখা হয়। ‘আইন দিয়ে আমাকে দমন করতে পারবে না’ বলে নোবেল আমাকে প্রায়ই ভয় দেখাতো।
নোবেলের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ছিল। সর্বশেষ ধর্ষণ ও মারধরের মামলায় ২০২৫ সালের ১৯ মে তিনি গ্রেপ্তার হন। পরে মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর তিনি জামিনে মুক্তি পান।