Ridge Bangla

মালয়েশিয়া সফর শেষে চীনের ডালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে চীনের ডালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট ডালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হোটেল শাংগ্রি-লায় নেওয়া হয়। সেখানে তিনি দুই দিন অবস্থান করবেন।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে বাংলাদেশ ও চীনের সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। চীনের ডালিয়ানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’-এর বার্ষিক সভায় যোগ দেবেন।

ডালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বেইজিং সফর করবেন। সেখানে সফরের মূল দ্বিপক্ষীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ‘সোনালি ৫০ বছর’-এ প্রবেশের আগে এই সফরকে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে মালয়েশিয়া সফরের শেষ পর্যায়ে কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে দুই দেশের প্রতিনিধিদলের উচ্চপর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক এবং দুটি চুক্তি সই হয়।

সফর শেষে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন