Ridge Bangla

মালয়েশিয়া-চীন সফর দেশের মানুষের স্বার্থেই ছিল: সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়েই তিনি এ সফর করেছেন। তিনি বলেন, ব্যক্তিগত কোনো বিষয় নয়, এ সফরে অর্জিত যেকোনো সাফল্য দেশের এবং দেশের মানুষের।

শনিবার জাতীয় সংসদে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূত সাফল্যের’ জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবটির সমর্থনে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তবে সে সময় সংসদ কক্ষে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী।

বেলা ১টার কিছু আগে প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার বিষয়টি জানান।

স্পিকার বলেন, ‘এই সংসদে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে বক্তব্যের মাধ্যমে আপনাকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে। আপনার সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের ফলে দেশের মর্যাদা বেড়েছে বলে সবাই অভিমত ব্যক্ত করেছে। বাংলাদেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছেন, সে জন্য আপনাকে এই সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।’

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে, বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম।’

তিনি আরও বলেন, ‘আমি আমার অবস্থান থেকে চেষ্টা করেছি দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। এখানে আমাদের কারোরই ব্যক্তিগত কোনো বিষয় নেই। ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন।’

দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যেতে উৎসাহ দেওয়ার জন্য বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

This post was viewed: 1

আরো পড়ুন