শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা জোরদারে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে মালয়েশিয়া।
দেশটির যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন জানিয়েছে, সোমবার (১ জুন) থেকে নতুন এই বিধান কার্যকর হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি পরিচয়পত্র বা অনুমোদিত অন্যান্য নথির মাধ্যমে বয়স নিশ্চিত করার প্রক্রিয়া চালু রাখতে হবে।
বিধি লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে সর্বোচ্চ ১ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা আরোপ করা হতে পারে, যা প্রায় ২৫ লাখ মার্কিন ডলারের সমান।
মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন বলেছে, এই উদ্যোগের উদ্দেশ্য শিশুদের প্রযুক্তি ব্যবহার থেকে বিরত রাখা নয়। বরং তাদের জন্য আরও নিরাপদ ও সুরক্ষিত ডিজিটাল পরিবেশ গড়ে তোলাই এর মূল লক্ষ্য।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি, অভিভাবক এবং সংশ্লিষ্ট অংশীজনদের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেছে সংস্থাটি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের কাজও শুরু হবে। আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।