মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাৎকালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। একই সঙ্গে ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিশেষ অতিথি হিসেবে তার মালদ্বীপ সফরের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বহুপাক্ষিক সহযোগিতা, শিক্ষা খাতে সুযোগ বৃদ্ধি এবং মানুষে মানুষে যোগাযোগ সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও সুবিধার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।