ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনরত সীমান্তরক্ষী বাহিনীর দুই সদস্য সহকর্মীর গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈষ্ণবনগরে বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর রয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুই ব্যাটালিয়নের কয়েকজন সদস্যের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ১১৯ নম্বর ব্যাটালিয়নের সদস্য শিবম মিশ্র সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ উঠেছে।
গুলিতে ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য অজয় কুমার সিং (৫১) ও আম্বদর সুরেশ দরগু (৩৭) নিহত হন। একই ব্যাটালিয়নের সদস্য বিকাশ ব্রহ্ম গুরুতর আহত হন। তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত অজয় কুমার সিংয়ের বাড়ি বিহারের ছাপরা জেলায়। অপর নিহত আম্বদর সুরেশ দরগুর বাড়ি মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায়। আহত বিকাশ ব্রহ্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, নিহত দুই সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কী কারণে ওই সদস্য সহকর্মীদের ওপর গুলি চালিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
এ ঘটনায় অভিযুক্ত সদস্যকে আটক করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় পুলিশ ও বিএসএফ পৃথকভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।