গত মার্চ মাসে দেশে সড়ক দুর্ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, এ সময়ে ৬১৬টি সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত এবং ১ হাজার ৫৪৮ জন আহত হয়েছেন।
আজ শনিবার (৪ এপ্রিল) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির প্রকাশিত প্রতিবেদন বলছে, সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৬৭০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৮২ জন এবং আহত হয়েছেন ১ হাজার ৭৯৬ জন। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেল সংশ্লিষ্ট দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। এসব ঘটনায় ২৩৭ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের প্রায় ৩৮ শতাংশের বেশি। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, জাতীয় মহাসড়কেই সবচেয়ে বেশি দুর্ঘটনা সংঘটিত হয়েছে, যা মোট ঘটনার প্রায় ৪১ শতাংশ।