Skip to main content

Ridge Bangla

মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ১২৩ বন্দিকে মুক্তি দিল বেলারুশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে ১২৩ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে ইউরোপের দেশ বেলারুশ। মুক্তিপ্রাপ্ত এসব বন্দিদের মধ্যে রয়েছেন দেশটির জনপ্রিয় বিরোধী নেত্রী মারিয়া কোলেসনিকোভা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আলেস বিয়ালিয়াতস্কি। মিনস্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জন কোয়ালের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত কার্যকর হয়।

চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র বেলারুশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য পটাশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সম্মত হয়েছে। পটাশ সার বেলারুশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। জন কোয়াল বলেন, “দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হলে ধাপে ধাপে আরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।”

২০২০ সালের বিতর্কিত নির্বাচনের পর থেকে কারাবন্দি কোলেসনিকোভা দীর্ঘদিন একাকী কারাভোগ করছিলেন। মুক্তির পর ভিডিও কলে তাঁর সঙ্গে কথা বলেন তাঁরই নিজের বোন তাতিয়ানা খোমিচ। এ প্রসঙ্গে তিনি বলেন, “সে মুক্ত, সুস্থ আছে, আমি ওকে জড়িয়ে ধরার অপেক্ষায় আছি।”

ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, কোলেসনিকোভাসহ ১১৪ জন বন্দিকে ইউক্রেনে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসা শেষে তাঁদের পোল্যান্ড ও লিথুয়ানিয়ায় পাঠানো হবে। এই মুক্তি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এখনো তাঁকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি। বিশ্লেষকদের মতে, এই চুক্তি লুকাশেঙ্কোর আন্তর্জাতিক একঘরে অবস্থা কিছুটা হলেও ভাঙতে পারে।

This post was viewed: 60

আরো পড়ুন