Skip to main content

Ridge Bangla

মারা গেছেন বলিউড অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত মারা গেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই শিল্পী। ওই রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ও প্রখ্যাত সুরকার ললিত পণ্ডিত।

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন সুলক্ষণা। ১৯৬৭ সালে তকদির ছবিতে তার গাওয়া ‘সাত সমুন্দর পার সে’ গানটি তাকে পরিচিতি এনে দেয়। পরবর্তীতে তিনি হিন্দি ছাড়াও বাংলা, মারাঠি, ওডিয়া ও গুজরাটি ভাষায় অসংখ্য গান উপহার দেন। ১৯৮০ সালে প্রকাশিত তার অ্যালবাম জজবাত ব্যাপক জনপ্রিয়তা পায়। গজল শিল্পী হিসেবেও তিনি ছিলেন সমাদৃত।

অভিনয়ে সুলক্ষণা পণ্ডিতের অভিষেক ঘটে ১৯৭৫ সালে, সঞ্জীব কুমারের বিপরীতে উলঝন সিনেমার মাধ্যমে। এরপর সংকোচ, হেরাফেরি, আপনাপন, খানদান, চেহরে পে চেহরা, ধর্মকান্তা এবং ওয়াক্ত কি দিওয়ারসহ বহু সফল ছবিতে তিনি অভিনয় করেন।

বাংলা সিনেমাতেও তার উপস্থিতি ছিল স্মরণীয়। ১৯৭৮ সালে উত্তম কুমারের সঙ্গে বন্দী ছবিতে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। এছাড়া জিতেন্দ্র, রাজেশ খান্না, বিনোদ খান্না, শশী কাপুর ও শত্রুঘ্ন সিনহার বিপরীতেও একাধিক ছবিতে অভিনয় করেছেন।

১৯৮৬ সালে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে আয়োজিত ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ান মিউজিক–এ ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সুলক্ষণা পণ্ডিত। কিশোর কুমার, মোহাম্মদ রফি, হেমন্ত কুমার ও যেসুদাসসহ অসংখ্য কিংবদন্তির সঙ্গে কাজ করেছেন তিনি।

This post was viewed: 65

আরো পড়ুন