মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে দায়ের করা মানহানি মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতিদের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
এর আগে, গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হলেও নির্ধারিত তারিখে তিনি উপস্থিত না হওয়ায় বিচারক এই নির্দেশ দেন।
গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি হুমায়ুন কবির বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আমির হামজা জনসমক্ষে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এই অভিযোগে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।