Skip to main content

Ridge Bangla

মানবতাবিরোধী অপরাধে কঙ্গোর সাবেক বিদ্রোহী নেতার ফ্রান্সে ৩০ বছরের কারাদণ্ড

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) সাবেক বিদ্রোহী নেতা ও রাজনীতিবিদ রজার লুম্বালাকে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। দুই দশকেরও বেশি সময় আগে সংঘটিত ভয়াবহ অপরাধে তাঁর সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়।

আদালতের রায়ে বলা হয়, উগান্ডা-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর প্রধান হিসেবে লুম্বালা নির্যাতন, অমানবিক আচরণ, সংক্ষিপ্ত বিচার ছাড়াই হত্যাকাণ্ড, ধর্ষণ, যৌনদাসত্ব, জোরপূর্বক শ্রম ও লুটপাটের নির্দেশ দিয়েছেন কিংবা এসব অপরাধে সহায়তা করেছেন। ৬৭ বছর বয়সী লুম্বালা প্রায় পাঁচ বছর আগে ফ্রান্সে বসবাসকালে গ্রেপ্তার হন।

যদিও তিনি প্যারিসের আদালতের বৈধতা মানতে অস্বীকৃতি জানিয়েছেন এবং পুরো বিচারপ্রক্রিয়ায় অনুপস্থিত ছিলেন, তবে সোমবার রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি কঙ্গোর অন্তর্বর্তী সরকারে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

পরে এম২৩ বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থনের অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি ফ্রান্সে পালিয়ে যান। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চলা দ্বিতীয় কঙ্গো যুদ্ধে অন্তত ২০ থেকে ৫০ লাখ মানুষের প্রাণহানি ঘটে, যা আফ্রিকার ইতিহাসে অন্যতম ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচিত।

This post was viewed: 60

আরো পড়ুন