Ridge Bangla

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ৫৭ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং কর্মসংস্থানমুখী অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই এ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৪১ হাজার ৭৫৩ কোটি ৯৫ লাখ টাকা। সে তুলনায় নতুন অর্থবছরে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রস্তাবিত বরাদ্দের মধ্যে পরিচালন ব্যয়ের জন্য ৩২ হাজার ৮৬৭ কোটি ২৪ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ২৪ হাজার ৪৩৪ কোটি ৪৪ লাখ টাকা রাখা হয়েছে। একই সঙ্গে শিক্ষা খাতে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকার রেকর্ড বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, যা বাজেটের দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত।

বাজেটে শিক্ষার মানোন্নয়নে একাধিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ২৫ হাজার নতুন মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ১০০টি বিদ্যালয়ে ব্লেন্ডেড ল্যাব নির্মাণ এবং ল্যাব সুপারভাইজর নিয়োগ।

এছাড়া তৃতীয় ভাষা শিক্ষার জন্য নতুন কারিকুলাম ও প্রশিক্ষণ মডিউল তৈরি এবং সারা দেশে ৫০০টি আধুনিক ভাষা ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ৪ হাজার নতুন শিক্ষা ভবন নির্মাণ, ৫০০টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, ১ হাজার ৪৮৫টি টয়লেট নির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ১ হাজার ভেন্ডিং মেশিন স্থাপনের পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন