Skip to main content

Ridge Bangla

মাদুরোকে আটকের আগাম তথ্য জেনে বাজি, ৪ লাখ ডলার জেতা মার্কিন সেনা গ্রেপ্তার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের গোপন রাষ্ট্রীয় তথ্য ব্যবহার করে বাজি ধরার দায়ে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্যানন কেন ভ্যান ডাইক নামের ওই সেনার বিরুদ্ধে ব্যক্তিগত আর্থিক লাভের জন্য অতি গোপনীয় তথ্য অপব্যবহারের গুরুতর অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারী সংস্থাগুলোর তথ্যমতে, ফোর্ট ব্র্যাগের সক্রিয় সেনাসদস্য ভ্যান ডাইক মাদুরোকে আটকের ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ এর গোপন মিশনে যুক্ত ছিলেন। এই অভিযানে যুক্ত থাকার মাধ্যমে মাদুরোকে গ্রেপ্তারের সময় ও পদ্ধতি সম্পর্কে তিনি আগে থেকেই অবগত ছিলেন।

অভিযোগ রয়েছে, গত ডিসেম্বরের ২৬ তারিখ ক্রিপ্টো প্ল্যাটফর্ম পলিমার্কেটে একাউন্ট খুলে মাদুরোর পতন নিয়ে ৩৩ হাজার ডলার বাজি ধরেন তিনি। ৩ জানুয়ারি রাতে সফল অভিযানের পর ওই বাজি থেকে তিনি প্রায় ৪ লাখ ৯ হাজার ডলার আয় করেন।

মার্কিন বিচার বিভাগের মতে, এটি সরাসরি ‘ইনসাইডার ট্রেডিং’ এবং ফেডারেল আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। গোপন তথ্য পাচার, কমোডিটি জালিয়াতি এবং মানি লন্ডারিংসহ একাধিক অভিযোগে ভ্যান ডাইকের বিচার শুরু হয়েছে।

এই বিষয়ে মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যানচে কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, ব্যক্তিগত লাভের জন্য সামরিক ও জাতীয় নিরাপত্তার তথ্য ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযুক্ত সেনাসদস্য দোষী সাব্যস্ত হলে তাঁর দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে।

This post was viewed: 23

আরো পড়ুন