Ridge Bangla

মাদারীপুরে রহস্যজনকভাবে একই পরিবারের তিনজনের মৃত্যু

রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈয়ের মাদারীপুরের ভাড়া বাসায় যান চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী সন্তান।

এরপর মধ্যরাতে মিষ্টি বাড়ৈয়ের ফোনকল পেয়ে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় তার ভাড়া বাসা থেকে চিন্ময়সহ তার স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকতেন ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ।

রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার বাসিন্দা চিন্ময় দাস স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ওই বাসায় পৌঁছান।

পরে মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

This post was viewed: 3

আরো পড়ুন