মাদারীপুরে পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজৈর উপজেলার টেকেরহাট–কবিরাজপুর সড়কের তাতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কবিরাজপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল একটি ইজিবাইক। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক শামীম মুন্সীকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত শামীম মুন্সী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সীর ছেলে বলে জানা গেছে।