Ridge Bangla

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও পাকিস্তান মাদক পাচার ও সাইকোট্রপিক উপাদানের অপব্যবহার রোধে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় মাদক পাচার, মাদকসংশ্লিষ্ট অর্থ পাচার ও আন্তদেশীয় অপরাধ দমনে তথ্য আদান-প্রদান এবং কারিগরি সহযোগিতা বাড়ানো হবে। পাশাপাশি মাদক পাচারের নতুন কৌশল, রুট ও সংশ্লিষ্ট চক্র সম্পর্কে গোয়েন্দা তথ্য বিনিময় করবে দুই দেশ।

এমওইউ অনুযায়ী, গোয়েন্দা সংস্থাগুলো পারস্পরিক অনুরোধের ভিত্তিতে প্রয়োজন হলে যৌথ অভিযান পরিচালনা করবে। কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়েও কাজ করবে বাংলাদেশ ও পাকিস্তান। চুক্তিটি স্বাক্ষরের দিন থেকে আগামী ১০ বছর কার্যকর থাকবে।

পরবর্তীতে চাইলে দুই দেশ সম্মতিক্রমে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশের পক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের পক্ষে অ্যান্টি নারকোটিকস ফোর্স (এএনএফ) ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। আদান-প্রদানকৃত সব তথ্য ও নথিপত্রের গোপনীয়তা রক্ষা করা হবে বলেও চুক্তিতে উল্লেখ করা হয়েছে।

This post was viewed: 11

আরো পড়ুন