কুষ্টিয়ার মিরপুর থানায় আট পিস ইয়াবাসহ আটক এক মাদক কারবারিকে ছাড়িয়ে নিতে গিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতা-কর্মী পুলিশের হাতে আটক হয়েছেন। ঘটনাটি শনিবার (৯ মে) রাতে থানার ভেতরে ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি রবিউল ইসলামকে আট পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে থানায় আনা হয়। পরে তাকে ছাড়ানোর জন্য স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থকরা থানায় উপস্থিত হয়ে চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তারা দায়িত্বপ্রাপ্ত ওসির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওই পাঁচজনকে হেফাজতে নেয়। আটকরা হলেন এনামুল হক, সুজন আলী, আলাউদ্দিন, শফিকুল ইসলাম ও সাইদুল ইসলাম। তাদের মধ্যে একজন বিএনপি ও চারজন জামায়াতের স্থানীয় নেতা-কর্মী বলে জানা গেছে।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিকে ছাড়াতে থানায় এসে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাপ প্রয়োগ করা দুঃখজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার কোনো সুযোগ নেই।”