Ridge Bangla

মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে দায়িত্বে থাকা সেনাবাহিনীর অর্ধেক সদস্য

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকা সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, সেনাসদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) থেকেই এ নির্দেশনা কার্যকর হবে। প্রথম পর্যায়ে অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে বিশ্রাম ও প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। পরে তাদের ফের মাঠে পাঠিয়ে বাকিদের রোটেশন পদ্ধতিতে সরিয়ে নেওয়া হবে।

সভায় উপস্থিত এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সেনাবাহিনী নিজেরা তাদের অভ্যন্তরীণ নীতিমালা অনুযায়ী এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে। তিনি বলেন, এটি কোনো সংকেত নয়, বরং দীর্ঘমেয়াদি দায়িত্ব পালনে শারীরিক ও মানসিক প্রস্তুতি বজায় রাখার একটি কৌশল।

কোর কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, বিজিবি, র‍্যাব ও আনসার-ভিডিপির শীর্ষ কর্মকর্তারা।

সভায় আরও আলোচনা হয় আসন্ন জাতীয় নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি, সামাজিক মাধ্যমে উসকানিমূলক প্রচারণা প্রতিরোধ, এবং ২৪-এর ৫ আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারের অগ্রগতি নিয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। সেনাবাহিনীর এই রোটেশন পরিকল্পনা মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

This post was viewed: 44

আরো পড়ুন