যশোরের শার্শা উপজেলায় মাটি খননের সময় নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক গুরুতর জখম হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বালুন্ডা গ্রামের এক বাসিন্দার বাড়িতে কোদাল দিয়ে মাটি তোলার কাজ করছিলেন দুজন শ্রমিক। খননের একপর্যায়ে কোদালের আঘাতে মাটির নিচে পুঁতে রাখা একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারাত্মকভাবে আহত হন।
আহতদের মধ্যে একজন জাকির সরদার (৪৫) এবং অপরজন আব্দুল কাদের (৪০)। দুজনই বালুন্ডা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ককটেলটি কীভাবে সেখানে এলো, এর সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।