Ridge Bangla

মহাসড়কের রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বসবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে দেশের মহাসড়কসংলগ্ন রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিনুর রশীদ।

রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় মন্ত্রী জানান, এ ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আহতদের চিকিৎসা প্রসঙ্গে তিনি জানান, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকাসহ বিদেশেও পাঠানো হবে। একই সঙ্গে নিহতদের প্রত্যেক পরিবারের জন্য মরদেহ বাড়িতে নেওয়ার খরচ বাবদ তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

This post was viewed: 11

আরো পড়ুন