Skip to main content

Ridge Bangla

মহাখালীতে নারীর ছুরিকাঘাতে রেল কর্মকর্তা নিহত, গ্রেপ্তার ১

রাজধানীর মহাখালীতে একটি বাড়িতে বিউটি আক্তার নামে এক নারীর ছুরিকাঘাতে মো. মামুন (৩০) নামে বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে বনানী থানার মহাখালী টিভি গেট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

বাড়ির মালিক মো. সুমন বলেন, ‘দুপুর ১টার দিকে মামুন ওই নারীকে নিয়ে আসেন। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ওই নারী মামুনের পেটে ছুরিকাঘাত করে এবং তার পুরুষাঙ্গ কেটে দেন। পরে চিৎকার শুনে আমরা গিয়ে মামুনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে দ্রুত তাকে উদ্ধার করে বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত বিউটি আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।’

নিহতের চাচা মো. মোকসেদ আলী জানান, মামুনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মালিহাটি গ্রামে। তার বাবা বাবুল আহমেদ। গত ১ জুলাই বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে যোগ দেন মামুন। ৫ বছর আগে তার বিয়ে হয়। মামুনের স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মামুনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বনানী থানাকে জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ঘটনার খবর পাওয়ার পর বনানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিউটি আক্তারকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, ‘স্থানীয় লোকজন মামুনকে প্রথমে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।’

This post was viewed: 17

আরো পড়ুন