সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি সেনাসদস্যকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এই বীরদের অসামান্য সাহস, নিষ্ঠা ও সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই পদক হস্তান্তর করা হয়।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছ থেকে নিহত শান্তিরক্ষীদের পক্ষে এই সম্মাননা পদকগুলো গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘের পতাকাতলে কর্তব্যরত অবস্থায় এক আকস্মিক ড্রোন হামলায় এই ছয় বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারান।
মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত এই বীর সন্তানেরা হলেন, মো. মাসুদ রানা, মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা এবং শান্ত মন্ডল।