বিশ্বকাপ ২০২৬-এর নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকান প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচে পিছিয়ে পড়েও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফিরে ১-১ ব্যবধানে ড্র করেছে সেলেসাওরা।
নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে সি গ্রুপের এই ম্যাচে প্রথমার্ধেই দুটি গোল হয়। ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। মাঝমাঠে বল হারিয়ে বিপদে পড়ে ব্রাজিলের রক্ষণভাগ, সুযোগ কাজে লাগিয়ে আলিসনকে পরাস্ত করেন তিনি।
এরপর ম্যাচে চাপ বাড়ায় মরক্কো। তবে ৩২ মিনিটে দারুণ একক নৈপুণ্যে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। বাম দিক থেকে বক্সে ঢুকে ডিফেন্ডার কাটিয়ে জোরালো শটে গোল করেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
বিরতির আগে লুকাস পাকেতার একটি শট রুখে দেন মরক্কো গোলরক্ষক, ফলে এগিয়ে যেতে পারেনি ব্রাজিল। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি।
মরক্কোর সংগঠিত রক্ষণ ও দ্রুত আক্রমণ ব্রাজিলকে বেশ ভুগিয়েছে। ম্যাচজুড়ে বল নিয়ন্ত্রণ ও সমন্বয়ের ঘাটতিও চোখে পড়ে সেলেসাওদের খেলায়। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।