ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের ছেলে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীতে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাতে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান।
নিহত আব্দুল বারেক আকন্দ দুর্বারচর গ্রামের প্রয়াত আব্বাস আলী আকন্দের ছেলে। তার ছেলে মাজহারুল ইসলাম আকাশ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্য।
পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, রাতে স্থানীয় বয়ড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন বারেক আকন্দ। পথে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
বাবার মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্য মাজহারুল ইসলাম আকাশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দেন। সেখানে তিনি লিখেছেন, “পৃথিবীর শ্রেষ্ঠতম আশ্রয়স্থল হারালাম। বাবা, তোমার শূন্যতা কিভাবে পূরণ করবো। পরিবার পরিজন রেখে, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে দেশের মানুষের নিরাপত্তায় সীমান্তে অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্বরত আমি।
“কিন্তু আমার পরিবারের নিরাপত্তা কে দিবে? আমাদের কোন শত্রু ছিল না, কিশোর গ্যাং বা মাদকাসক্ত ছিনতাইকারীরা এই ঘটনা ঘটিয়েছে। বিচার চেয়ে আপনাদেরকে লজ্জা দিবো না।”
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।