প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আলোচনা শুরু হয়েছে। সরকারের কাজের গতি বাড়াতে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রিসভার আকার বৃদ্ধি ও দপ্তর পুনর্বিন্যাসের বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বর্তমানে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে গঠিত মন্ত্রিসভায় একাধিক মন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এতে কাজের চাপ বেড়ে যাওয়ায় নতুন মুখ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বিবেচনায় রয়েছে।
আলোচনায় থাকা সম্ভাব্য নতুন আটজনের মধ্যে রয়েছেন সংসদ সদস্য আবদুল মঈন খান, বরকত উল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, এরশাদ উল্লাহ, বি এম মোশাররফ হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সেলিমা রহমান এবং টেকনোক্রেট কোটায় মোয়াজ্জেম হোসেন আলাল ও মাহিদুর রহমান।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভায় পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে কাকে দায়িত্ব দেওয়া হবে বা কবে পরিবর্তন আসবে, তা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত।
এদিকে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত বলেন, মন্ত্রিসভা নিয়ে নানা আলোচনা থাকলেও বাস্তব সিদ্ধান্ত কী হবে, তা সরকার প্রধানই নির্ধারণ করবেন।