Ridge Bangla

মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, মধ্যরাতে চার বিএনপি নেতা বহিষ্কার

চট্টগ্রামের সীতাকুণ্ডে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা ও মহাসড়ক অবরোধের ঘটনায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যার পর চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়নকে ঘিরে কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় দলীয় কোন্দল, সংঘর্ষ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উক্ত চার নেতাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন—সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিবৃতিতে উল্লেখ করা হয়, তাদেরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে নিজেদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। এ সময় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী হিসেবে কাজী সালাউদ্দিন মনোনয়ন পাওয়ার পর থেকেই স্থানীয় আসলাম চৌধুরীর অনুসারীরা ক্ষোভ প্রকাশ করেন।

পরে তারা রাত ৮টার দিকে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় সড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভে নামেন। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ বাড়ে।

This post was viewed: 32

আরো পড়ুন