যশোরের মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ-তালতলা সড়কের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।
জানা গেছে, রাজগঞ্জ বাজার থেকে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রাকিব ও মেহেদী। তালতলা এলাকায় পৌঁছে সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ।