বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতে বা শুক্রবার কাতার এয়ারলাইন্সে করে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ হোসেন বলেন, “চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে। তিনি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে।”
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. চাই জিয়াংফাং-এর নেতৃত্বে একটি মেডিকেল টিম খালেদা জিয়ার সিসিইউতে প্রবেশ করে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। বেলা ১১টায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিল তার সাম্প্রতিক পরীক্ষা–নিরীক্ষার সব রিপোর্ট ও কাগজপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া কারাবন্দী থেকে মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।
এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গত ২৩ নভেম্বর সন্ধ্যায় হাসপাতাল ভর্তি হওয়ার পর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন। চিকিৎসকরা সতর্ক অবস্থায় তার শারীরিক অবস্থা মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। এছাড়াও যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশের মেডিক্যাল বোর্ডের সমন্বয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।