মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে বৈশ্বিক নৌ-বাণিজ্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে দেশটি।
লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে বাংলাদেশ এ অবস্থান তুলে ধরে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা করতেই এই জরুরি সভার আয়োজন করা হয়।
লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম। তিনি আলোচনায় অংশ নিয়ে বলেন, যুদ্ধকবলিত অঞ্চলে চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বের সব সমুদ্রকর্মীর নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন (আনক্লজ) অনুযায়ী সব ধরনের নৌযানের অবাধ ও বৈধ চলাচল নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে বাংলাদেশ তার সমর্থন পুনর্ব্যক্ত করে।
অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দল সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং গঠনমূলক সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানায়। একইসঙ্গে বৈশ্বিক বাণিজ্য প্রবাহ স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।