মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ঢাকা থেকে ওই অঞ্চলের সব যাত্রীবাহী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানে সামরিক অভিযান শুরুর পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনগামী সব ফ্লাইট আপাতত বন্ধ রাখা হয়েছে। চলমান হামলা ও পাল্টা হামলার ঝুঁকির কারণে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
তবে ঠিক কতটি ফ্লাইট স্থগিত করা হয়েছে কিংবা কবে নাগাদ ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে পারে- সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ ছাড়া মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
বর্তমান পরিস্থিতিতে ফ্লাইট পরিচালনা নিরাপদ মনে না হওয়ায় সাময়িক এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে ফ্লাইট চালু সংক্রান্ত নতুন সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করা হয়।