Skip to main content

Ridge Bangla

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় সৃষ্ট পরিস্থিতিও বৈঠকে গুরুত্ব পায়।

বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।

This post was viewed: 31

আরো পড়ুন