Skip to main content

Ridge Bangla

মধ্যপ্রাচ্যগামী ২৭ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে অনিশ্চয়তায় শতাধিক যাত্রী

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার জেরে কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম অনিশ্চয়তায় পড়েছেন শত শত যাত্রী।

রোববার (১ মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় সংশ্লিষ্ট রুটের ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে।

সরেজমিনে বিমানবন্দরে দেখা যায়, ফ্লাইট বাতিলের খবর পাওয়ার পরও অনেক যাত্রী টার্মিনালে অবস্থান করছেন। নির্দিষ্ট সময়সূচি না থাকায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও হতাশা বাড়ছে। কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন।

নোয়াখালীর সেনবাগ উপজেলার জুয়েল মিয়া জানান, কাতারগামী তার বিকেলের ফ্লাইট স্থগিত হলেও এজেন্সির পরামর্শে তিনি সকালে বিমানবন্দরে আসেন। তবে সুনির্দিষ্ট তথ্য না পেয়ে তিনি চরম অনিশ্চয়তার কথা জানান। একই ধরনের অভিজ্ঞতার কথা জানান লক্ষ্মীপুরের জুবায়ের নামের আরেক যাত্রী।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি রুটে ফ্লাইট স্থগিত থাকলেও ইউরোপসহ অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

This post was viewed: 35

আরো পড়ুন