Skip to main content

Ridge Bangla

মতিঝিলে উদ্ধার হওয়া বোমা উল্টোরথ শোভাযাত্রাকে লক্ষ্য করেই রাখা হয়েছিল, মামলায় পুলিশের দাবি

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে উদ্ধার করে নিষ্ক্রিয় করা শক্তিশালী বোমাটি, আইইডি, উল্টোরথ শোভাযাত্রাকে লক্ষ্য করে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শোভাযাত্রাটি বোমা রাখা স্থান অতিক্রম করার সময় পুলিশ এলাকাটি ঘিরে রাখে এবং শর্ট সার্কিটের কথা বলে অংশগ্রহণকারীদের অন্য পাশ দিয়ে যেতে অনুরোধ করে।

ঘটনার পর মতিঝিল থানার উপপরিদর্শক মো. মুক্তা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন। শনিবার (২৫ জুলাই) মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, উল্টোরথ শোভাযাত্রার নিরাপত্তার দায়িত্বে হোন্ডা মোবাইল কল সাইনে কর্মরত ছিলেন মামলার বাদী। শোভাযাত্রার রুট ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে মতিঝিল শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রম পর্যন্ত। সন্ধ্যার দিকে ট্রাফিক বিভাগ ঢাকা মহানগর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষকে মতিঝিলে একটি বোমাসদৃশ বস্তু পাওয়ার তথ্য জানায়।

এজাহারে বলা হয়েছে, একটি ছাতার ভেতরে রাখা বোমাটিতে মিটমিট করে আলো জ্বলছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে উপপরিদর্শক মো. মুক্তা ও তার সহকর্মীরা মতিঝিল মেট্রোরেল স্টেশনের জেনারেটর কক্ষের পাশের স্থানটি ঘিরে রাখেন। এ সময় উল্টোরথ শোভাযাত্রা সেখানে পৌঁছালে পুলিশ সদস্যরা শর্ট সার্কিট হয়েছে বলে জানিয়ে শোভাযাত্রাকে ওই স্থান এড়িয়ে যেতে অনুরোধ করেন।

পরে শোভাযাত্রাটি শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রমের দিকে চলে যায়। মিছিল সরে যাওয়ার পর ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিষ্ক্রিয় করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে জিআই পাইপের খণ্ডিত অংশ, ব্যাটারি এবং বিয়ারিংয়ের বল উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, উল্টোরথ শোভাযাত্রাকে লক্ষ্য করেই বোমাটি রাখা হয়েছিল বলে তারা ধারণা করছেন। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং বোমা বিস্ফোরণের মাধ্যমে জনসাধারণের জীবন বিপন্ন করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে বিস্ফোরকটি সেখানে রাখা হয়েছিল।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, রথ শোভাযাত্রাকে কেন্দ্র করেই বোমাটি রাখা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 14

আরো পড়ুন