Skip to main content

Ridge Bangla

মঞ্চে ফিরছে ‘আলিবাবা এবং চল্লিশ চোর’

আরব্য রজনীর কিংবদন্তি গল্প ‘আলিবাবা এবং চল্লিশ চোর’ নতুনভাবে হাজির হচ্ছে ঢাকার মঞ্চে। আগামী ৮ ও ৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। প্রযোজনাটি মঞ্চস্থ করছে খ্যাতনামা নাট্যসংগঠন পদাতিক নাট্য সংসদ, এটি তাদের ৪৫তম প্রযোজনা।

নাটকটির নাট্যরূপ দিয়েছেন উম্মে হানী, আর পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। শৈশবের রোমাঞ্চকর সেই গল্প—চোরের গুপ্তধন, সাহসী আলিবাবা ও চতুর মরজিনার বুদ্ধিমত্তা—এই নাটকে নতুনভাবে প্রাণ পাবে আধুনিক আলো ও মঞ্চসজ্জায়।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরীফুল ইসলাম সাফি, মেঘা ঘোষ, সৈয়দা শামছি আরা সায়েকা, জিয়াউল হক, জিনিয়া আজাদ, শাখাওয়াত হোসেন শিমুল, হাসিনা আকতার নিপা, জাবেদ পাটওয়ারী, ইব্রাহিম খলিল, নূর-ই-আলম সুমন, নুরুন্নাহার পাপিয়া, কামরুননেসা দোলন, তন্ময় বিশ্বাস, এসএম লিমন, নুসরাত জাহান বন্যা, বর্ষা ঘোষ, সবুজ খান, তপু চন্দ্র দাস, মনির হোসেন চিশতী, রাবেয়া রাবু ও সাব্বির আহমেদ প্রমুখ।

নির্দেশক সুদীপ চক্রবর্তী উদ্বোধনী মঞ্চায়নের আগে বলেন, “সম্রাট শাহরিয়ারের প্রতারণা, তার নারীবিদ্বেষ এবং প্রতিদিন নতুন নারীর সঙ্গে বিবাহের পর গল্প শুনিয়ে রাত কাটানোর শর্ত—এই প্রেক্ষাপট থেকেই আমাদের নাটকের সূচনা। এখানেই গল্পে আসে আলিবাবা ও চল্লিশ চোরের উত্তেজনাপূর্ণ কাহিনি, যা রূপ নেয় জীবনের সংগ্রাম, সাহস ও মানবিকতার প্রতীকে। গল্পের পরিচিত কাঠামো বজায় রেখেও নাটকটি সাজানো হয়েছে আধুনিক নাট্যরীতিতে।”

This post was viewed: 52

আরো পড়ুন