Ridge Bangla

মক্কায় প্রদর্শিত হচ্ছে চার শতাব্দীর পুরোনো কোরআনের বিরল পাণ্ডুলিপি

সৌদি আরবের মক্কার হলি কোরআন মিউজিয়ামে চারশ বছরেরও বেশি পুরোনো পবিত্র কোরআনের একটি দুর্লভ পাণ্ডুলিপি দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে ইসলামি শিল্প, সংস্কৃতি ও ঐতিহাসিক ঐতিহ্যের সমৃদ্ধ দিকগুলো তুলে ধরা হচ্ছে।

বৃহস্পতিবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, প্রদর্শনীতে রাখা পাণ্ডুলিপিটি হিজরি একাদশ শতকের। অসাধারণ ক্যালিগ্রাফি, উজ্জ্বল রঙের নকশা এবং সূক্ষ্ম সোনালি অলঙ্করণের কারণে এটি বিশেষ গুরুত্ব বহন করছে।

প্রাচীন এই পাণ্ডুলিপিতে তৎকালীন ইসলামি শিল্পচর্চা, কারুশিল্পের দক্ষতা ও নান্দনিক ভাবনার প্রকাশ ঘটেছে। ইসলামি ঐতিহ্য সংরক্ষণ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সামনে তা তুলে ধরার প্রচেষ্টার অংশ হিসেবে এটি প্রদর্শন করা হচ্ছে।

পাণ্ডুলিপিটির পাতাগুলোতে রয়েছে সূক্ষ্ম ফুলেল নকশা ও দৃষ্টিনন্দন কারুকাজ। শুরুতে থাকা সূরা আল ফাতিহার অংশে নিখুঁত জ্যামিতিক বিন্যাসের সঙ্গে সোনালি অলঙ্করণের সমন্বয় দেখা যায়।

জাদুঘর কর্তৃপক্ষের মতে, এই পাণ্ডুলিপি অতীতের ইসলামি ক্যালিগ্রাফার ও অলঙ্করণ শিল্পীদের অসাধারণ দক্ষতার প্রতিফলন। তাদের নিপুণ হস্তলিপি ও শিল্পশৈলীর সমন্বয়ে কোরআন লেখার ঐতিহ্য একটি স্বতন্ত্র শিল্পরূপ পেয়েছিল।

মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত জাদুঘরটিতে সংরক্ষিত বিভিন্ন পাণ্ডুলিপির মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে কোরআনের লিখন পদ্ধতি ও অলঙ্করণ ধারার পরিবর্তন তুলে ধরা হয়েছে।

এই প্রদর্শনী দর্শনার্থীদের ইসলামি পাণ্ডুলিপির ইতিহাস, শিল্পের বিকাশ এবং পবিত্র কোরআনের প্রতি মুসলমানদের গভীর শ্রদ্ধার বিষয়টি জানার সুযোগ করে দিচ্ছে। এর মাধ্যমে কোরআনের ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সাংস্কৃতিক ও শৈল্পিক প্রভাবও তুলে ধরা হচ্ছে।

This post was viewed: 6

আরো পড়ুন