Ridge Bangla

ভ্যান চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ভ্যান চুরির অভিযোগে দুদু (২২) নামের এক যুবককে তুলে নিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুদু আসাননগর গ্রামের মিজানুরের ছেলে। তিনি দুই সন্তানের জনক। তার ছোট সন্তানের বয়স মাত্র চার মাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে হাউসপুর গ্রামের অন্তর নামের এক ব্যক্তির ভ্যান চুরি হয়। এ ঘটনায় দুদুকে সন্দেহ করা হয়। রোববার সকালে কয়েকজন যুবক দুদুর বাড়িতে গিয়ে তাকে খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে।

পরে রাতে দুদুকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, নির্যাতনের একপর্যায়ে তার শরীরে ও নাকে গরম পানি ঢেলে দেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর অভিযুক্তরা মরদেহ ক্লিনিক থেকে সরিয়ে হাউসপুর বটতলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন