Ridge Bangla

ভোলায় খাটের নিচে লুকানো অবস্থায় উদ্ধার ৩৩ বস্তা সরকারি চাল

ভোলার লালমোহন উপজেলায় এক মুদি ব্যবসায়ীর বাড়ির খাটের নিচ থেকে ৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ দল। এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ফরাজগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাতানি বাজার এলাকায় মুদি দোকানি জসিমের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, অভিযানের সময় জসিমের বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ৩৩ বস্তা সরকারি চাল পাওয়া যায়। উদ্ধার হওয়া চালের মধ্যে ৩০ কেজি ওজনের ২৪ বস্তা এবং ৫০ কেজি ওজনের ৯ বস্তা রয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ব্যবসায়ীর স্ত্রী রোকেয়া বেগমকে আটক করা হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে মুদি দোকানি জসিমের বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা চাল বর্তমানে মৎস্য বিভাগের হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 6

আরো পড়ুন