Skip to main content

Ridge Bangla

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম ঘোষিত

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)-এর দাম সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেপ্টেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কমিশনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষিত মূল্য সেদিন সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

একইসঙ্গে ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দামও সামান্য কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ১৫ পয়সা। বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দামের ওঠানামার কারণে দেশীয় বাজারে এলপি গ্যাসের মূল্য প্রতি মাসেই সমন্বয় করা হয়। চলতি মাসেও সে অনুযায়ী দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে আগস্ট মাসে ভোক্তাপর্যায়ে গ্যাসের দাম এক ধাপে বেশ কমানো হয়েছিল। তখন প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল। বিইআরসি মনে করে, এলপি গ্যাসের দামের এই সামান্য হ্রাস ভোক্তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে। তবে বিশ্ববাজারে হঠাৎ কোনো পরিবর্তন হলে দাম আবারও সমন্বয় করা হবে বলে সংস্থাটি জানিয়েছে।

This post was viewed: 56

আরো পড়ুন