Ridge Bangla

ভৈরবে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

কিশোরগঞ্জের ভৈরবে টহল ডিউটির সময় ট্রাকের ধাক্কায় নাজমুল হক (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক ভৈরব হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাকুন্দিয়া উপজেলার চর মান্দারকান্দি গ্রামের রাজু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে মহাসড়কে ডাকাতি রোধে টহল দিচ্ছিলেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। টহলের সময় সড়কের পাশে দাঁড়ানো পুলিশের গাড়িতে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন সদস্য আহত হন।

আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল নাজমুল হককে মৃত ঘোষণা করেন।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুর রহমান জানান, নিহত নাজমুল হকের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

This post was viewed: 51

আরো পড়ুন