Ridge Bangla

ভূমিকম্প প্রস্তুতিতে ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত

ভূমিকম্পসহ নগর দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল নির্ধারণ করা হয়েছে। এসব স্থানকে আনুষ্ঠানিকভাবে ‘ভূমিকম্পের নিরাপদ আশ্রয়স্থল’ ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার প্রশ্নের জবাবে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী জানান, চিহ্নিত আশ্রয়স্থলগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ডভিত্তিক ২৫৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৮৯টি স্থান রয়েছে।

তিনি আরও জানান, বড় ধরনের দুর্যোগের পর উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে থাকা স্বেচ্ছাসেবকদের তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত স্বেচ্ছাসেবক ডেটাবেইস তৈরির কাজ চলছে।

বাংলাদেশ ভূপ্রকৃতিগত কারণে ভূমিকম্প ও সুনামির ঝুঁকিপূর্ণ অঞ্চলের কাছাকাছি অবস্থান করায় এসব দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, দুর্যোগের আগাম তথ্য সংগ্রহ ও দ্রুত প্রচারের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে ভূমিকম্প সহনশীল ও টেকসই অবকাঠামো নির্মাণ নিশ্চিত করতে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী।

This post was viewed: 3

আরো পড়ুন