Ridge Bangla

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় পর এই উদ্ধার অভিযানে নতুন আশার সঞ্চার হলেও দেশটিতে মৃতের সংখ্যা বাড়ছেই। একই সঙ্গে জাতিসংঘ মানবিক পরিস্থিতির দ্রুত অবনতির বিষয়ে সতর্ক করেছে।

ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লেইবার মোরান নামের শিশুটিকে লা গুইরা অঙ্গরাজ্যের ধ্বংসস্তূপ থেকে জর্ডানের একটি উদ্ধারকারী দল জীবিত বের করে আনে। ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই ঘটনাকে দেশের মানুষের জন্য ‘আশার উৎস’ বলে উল্লেখ করেছেন। জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বলেন, প্রায় এক সপ্তাহ পার হলেও এই উদ্ধার প্রমাণ করেছে যে ধ্বংসস্তূপের নিচে এখনো জীবিত মানুষ থাকার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। তিনি জানান, দেশীয় ও আন্তর্জাতিক উদ্ধারকারী দল ধসে পড়া ভবনগুলোতে তল্লাশি চালিয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে জীবিত উদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়। সেই সময়সীমা পেরিয়ে ৬ দিন পর একটি শিশুর জীবিত উদ্ধার হওয়া অত্যন্ত বিরল ঘটনা।

৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এছাড়া হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নাসার প্রাথমিক উপগ্রহ বিশ্লেষণে দেখা গেছে, ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাদ্যসংকট তীব্র হচ্ছে। লা গুইরায় যোগাযোগব্যবস্থা ও জরুরি সেবার বড় অংশ ভেঙে পড়ায় ত্রাণ পৌঁছাতে বিলম্ব হচ্ছে এবং স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটি জরুরি সহায়তা সম্প্রসারণের জন্য ১ কোটি ৫০ লাখ ডলার তহবিলের আবেদন করেছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভেনেজুয়েলার স্বাস্থ্যব্যবস্থা এখন চরম চাপের মুখে রয়েছে। সংস্থাটির আশঙ্কা, হাম ও ডিপথেরিয়ার মতো টিকাদানযোগ্য রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, মেক্সিকোসহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল প্রশিক্ষিত কুকুর ও ভারী যন্ত্রপাতি নিয়ে এখনো জীবিতদের খোঁজে কাজ করছে। জাতিসংঘের মাধ্যমে ইতিমধ্যে ৪৭ টন জরুরি ত্রাণসামগ্রী দেশটিতে পৌঁছেছে।

This post was viewed: 1

আরো পড়ুন