Skip to main content

Ridge Bangla

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৫৯ বাংলাদেশিসহ ৬১ জন অভিবাসী উদ্ধার

ভূমধ্যসাগরে মাল্টা উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে দ্রুত উদ্ধার অভিযানের ফলে ৫৯ জন বাংলাদেশিসহ মোট ৬১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে মাল্টার কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলো।

আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌকাটি লিবিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। গত শুক্রবার সকালে নৌকাটি মাল্টার সার্চ অ্যান্ড রেসকিউ জোনে প্রবেশের পর যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। একপর্যায়ে উত্তাল সাগরের মধ্যে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাল্টার কোস্ট গার্ড, উদ্ধারকারী জাহাজ ও জরুরি সেবা সংস্থাগুলো সমন্বিত অভিযান পরিচালনা করে। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ছয়জন গুরুতর হাইপোথারমিয়ায় আক্রান্ত ছিলেন। তাদের শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে মাল্টায় অনিয়মিত অভিবাসী প্রবেশ তুলনামূলকভাবে কমে এলেও শুক্রবারের এই উদ্ধার অভিযান চলতি সময়ে একটি বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২০ সালে মাল্টায় প্রায় দুই হাজার ২০০ অভিবাসী পৌঁছালেও কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে পরবর্তী বছরগুলোতে এই সংখ্যা কমে আসে। গত বছর দেশটিতে আশ্রয়প্রার্থী ছিলেন মাত্র ২৩৮ জন।

This post was viewed: 52

আরো পড়ুন