Ridge Bangla

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, কলেজের পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল; অধ্যক্ষকে শোকজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের পরীক্ষার্থীদের ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়ায় কলেজটির এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে অধ্যক্ষ শওকত আলম মীরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) ৩ সদস্যের তদন্ত কমিটির প্রধান এবং মাধ্যমিক শিক্ষা বোর্ড-ময়মনসিংহের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পর কলেজে গিয়ে তদন্ত করা হয়েছে। তদন্তে কলেজ কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি পাওয়া গেছে। এ কারণে এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে এবং অধ্যক্ষকে শোকজ করা হয়েছে। তিনি আরও বলেন, দ্রুত তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, এ ঘটনায় পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। কলেজ কর্তৃপক্ষ রিজার্ভ প্রশ্নপত্র থেকে পরীক্ষা নিয়েছে এবং পুরো ঘটনার দায় কলেজ কর্তৃপক্ষের।

এর আগে শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা ২য় পত্র পরীক্ষায় সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ২০২৬ সালের ১০০ জন পরীক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়। একই কেন্দ্রে বাংলা ২য় পত্রে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেন ৬৯ জন। সব মিলিয়ে কেন্দ্রটিতে ৯০০ জনের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেন।

This post was viewed: 3

আরো পড়ুন