ভুলবশত বিকাশে পাঠানো ২০ হাজার টাকা ফেরত আনতে যাওয়ার পথে জামালপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দিপু মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও একজন।
বুধবার (৩ জুন) সন্ধ্যায় জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিপু মিয়া জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার শাহিদুল ইসলামের ছেলে। তিনি জামালপুর শহরের এম এ রশিদ হাসপাতাল সংলগ্ন এলাকায় মুদি ও বিকাশের ব্যবসা করতেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ঈদের দুই দিন আগে ভুল করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মাদারগঞ্জের এক ব্যক্তির নম্বরে পাঠানো হয়। পরে ওই টাকা ফেরত আনতে বুধবার সন্ধ্যায় বন্ধু উল্লাসকে নিয়ে মোটরসাইকেলে করে জামালপুর থেকে মাদারগঞ্জের উদ্দেশে রওনা হন দিপু।
পথে ভেলামারি এলাকায় পৌঁছালে মাদারগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দিপু মারা যান। গুরুতর আহত হন তার বন্ধু উল্লাস।
আহত উল্লাস ইসলামপুর উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।
নিহতের এক প্রতিবেশী জানান, ভুল নম্বরে যাওয়া টাকা ফেরত নেওয়ার জন্য ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন দিপু। বুধবার মাগরিব নামাজের সময় বাবাকে দোকানে বসিয়ে তিনি মাদারগঞ্জের উদ্দেশে বের হন। পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দিপুর স্ত্রী ও একটি মেয়ে সন্তান রয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত এবং পালিয়ে যাওয়া ট্রাকচালককে আটক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।