Ridge Bangla

‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যু, ১১ লাখ টাকায় মীমাংসা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আহমেদ প্রাইভেট হাসপাতাল নামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ নিয়ে সালিশির মাধ্যমে মীমাংসা করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) পৌর সদরের একটি হোটেলে উভয় পক্ষের উপস্থিতিতে এ সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সালিশির মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ২ লাখ টাকা তাৎক্ষণিক পরিশোধ করা হয়। বাকি ৯ লাখ টাকা এক মাসের মধ্যে প্রদান করতে হবে।

এর মধ্যে ৮ লাখ টাকা মৃত প্রসূতির নবজাতক পুত্রসন্তানের নামে ফিক্সড ডিপোজিট হিসেবে রাখা হবে, এবং বাকি ৩ লাখ টাকা প্রসূতির স্বামী ও বাবার পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। তবে, স্বামীর বাড়ির লোকজন তাদের অংশ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই জীবনের বিনিময়ে অর্থের মাধ্যমে আপসকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

প্রসূতির মৃত্যুর ঘটনায় সিভিল সার্জনের নির্দেশে গঠিত তিন সদস্যের একটি তদন্ত কমিটি হাসপাতাল পরিদর্শন করেছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সালিশি বৈঠকের বিষয়ে পুলিশকে জানানো হয়নি। তবে, ময়নাতদন্ত প্রতিবেদনে কোনো অসঙ্গতি পাওয়া গেলে পুলিশ নিজ উদ্যোগে মামলা করবে।

This post was viewed: 9

আরো পড়ুন