Skip to main content

Ridge Bangla

ভিসা জটিলতায় শেষ মুহূর্তে বিশ্বকাপের বেজক্যাম্প মেক্সিকোতে সরাল ইরান

বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি আর মাত্র তিন সপ্তাহ। ঠিক এমন মুহূর্তে এক বড় কৌশলগত সিদ্ধান্তে নিজেদের অনুশীলন ঘাঁটি (বেজক্যাম্প) যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিয়েছে ইরান ফুটবল দল।

ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন ভিসাজনিত জটিলতার কারণে শেষ সময়ে এসে এই জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)। শনিবার ফেডারেশনের সভাপতি মেহদি তাজ এই তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমানে তুরস্কের আন্টালিয়াতে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া ইরান দল আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ২৩তম আসরে অংশ নেবে। ‘জি’ গ্রুপে থাকা ইরান ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ২১ জুন লস অ্যাঞ্জেলেসে বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।

গ্রুপ পর্বের এই ম্যাচগুলোর ভেন্যু যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়ায় প্রথমে দলটির বেজক্যাম্প করা হয়েছিল অ্যারিজোনার টুকসনে। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি খেলোয়াড় ও স্টাফদের ভিসা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়।

এমনকি কয়েক দিন আগে দলটির বেশ কয়েকজন সদস্যকে ভিসার জন্য তুরস্কের আঙ্কারায় মার্কিন দূতাবাসেও যেতে হয়েছিল।

এই ভিসা জটিলতা ও সময় অপচয় এড়াতে ইরান ফেডারেশন প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে অবস্থিত যুক্তরাষ্ট্রের সীমান্ত লাগোয়া মেক্সিকান টিজুয়ানা শহরে বেজক্যাম্প স্থানান্তরের জন্য ফিফার কাছে জরুরি আবেদন জানায়।

ইস্তাম্বুল ও তেহরানে ফিফা কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা অনুরোধটি অনুমোদন করে।

এ বিষয়ে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, লস অ্যাঞ্জেলেসে আমাদের প্রথম দুটি ম্যাচের ভেন্যু থেকে টিজুয়ানার দূরত্ব মাত্র ৫৫ মিনিটের ফ্লাইট, যা পূর্বের নির্ধারিত টুকসনের চেয়ে অনেক কম। এই পরিবর্তনের ফলে ভিসা জটিলতা কাটার পাশাপাশি যাতায়াত ব্যবস্থাও সহজ হবে।

This post was viewed: 32

আরো পড়ুন