Skip to main content

Ridge Bangla

ভিসা ও মাস্টারকার্ডের লেনদেন বন্ধের ঘোষণা কিউবার

ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে সব ধরনের লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে কিউবা। আগামী ৬ জুন থেকে দেশটিতে এসব কার্ডের মাধ্যমে আর কোনো লেনদেন করা যাবে না বলে জানিয়েছে কিউবার কেন্দ্রীয় ব্যাংক।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে কিউবার সঙ্গে কাজ করা একটি বিদেশি আর্থিক অংশীদার তাদের কার্যক্রম সীমিত করায় এমন সিদ্ধান্ত নিয়েছে হাভানা।

স্থানীয় সময় বুধবার (৩ জুন) কিউবার কেন্দ্রীয় ব্যাংক জানায়, সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার কারণে একাধিক বিদেশি প্রতিষ্ঠান কিউবার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করেছে।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, আগে কিউবার ক্রেডিট কার্ড লেনদেন প্রক্রিয়ায় সহায়তা করা একটি বিদেশি অংশীদার প্রতিষ্ঠান ১ মে জারি হওয়া মার্কিন নির্বাহী আদেশের পর কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত নেয়। ওই আদেশের মাধ্যমে কিউবার সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ানো হয়।

এক বিবৃতিতে কিউবার কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘এই সিদ্ধান্তের ফলে ভিসা ও মাস্টারকার্ডের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কার্ডের মাধ্যমে পণ্য ও সেবা বিক্রির আয় গ্রহণ করা কিউবার পক্ষে আর সম্ভব হচ্ছে না।’

বিশ্লেষকদের মতে, নতুন এই সিদ্ধান্ত কিউবার অর্থনীতির ওপর আরও চাপ তৈরি করবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশটির কমিউনিস্ট সরকারকে চাপে রাখতে নিষেধাজ্ঞা কঠোর করার উদ্যোগ নেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। একই সময়ে কিউবার পর্যটন খাতও আগে থেকেই বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

রয়টার্স জানিয়েছে, দীর্ঘদিন ধরে কিউবার ক্রেডিট কার্ড লেনদেন পরিচালনা করত একটি বিদেশি ব্যাংক ও ফিনসিমেক্স এসএ। প্রতিষ্ঠানটি জিএইএসএ নামে সামরিক নিয়ন্ত্রিত একটি ব্যবসায়িক গোষ্ঠীর আর্থিক শাখা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জিএইএসএর ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে।

This post was viewed: 24

আরো পড়ুন