ভিয়েতনামের জনপ্রিয় ফু কুওক দ্বীপের কাছে পর্যটকবাহী একটি নৌকা উল্টে অন্তত ১৫ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শনিবার ডুবে যাওয়া নৌকাটিতে অন্তত ৩৬ জন আরোহী ছিলেন।
ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ দুর্ঘটনার তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নৌকাডুবিতে ১৫ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২১ পর্যটককে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফু কুওক দ্বীপের কাছে ডুবে যাওয়া নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, ৩ জন নৌকাকর্মী এবং একজন সহকারী ছিলেন। সব মিলিয়ে নৌকাটিতে ৩৬ জন আরোহী ছিলেন।
উত্তাল সমুদ্র ও প্রচণ্ড বাতাসের মধ্যে ‘হন মে রুত এনগোয়াই’ দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল নৌকাটি। রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এটি উল্টে যায়। এতে যাত্রী ও নৌকাকর্মীরা পানিতে তলিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুর্ঘটনার হালনাগাদ তথ্য জানিয়েছে ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস।
দূতাবাস লিখেছে, ‘‘মর্মান্তিক এক দুর্ঘটনায় ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের তল্লাশি ও উদ্ধার অভিযান চলমান থাকায় এই দুর্ঘটনার সঠিক বিবরণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।’’
এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী নারা লোকেশ দুর্ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। নয়াদিল্লির অন্ধ্রপ্রদেশ ভবন ও রাজ্য সরকারের কর্মকর্তাদের কাছে বিস্তারিত তথ্য চেয়েছেন তিনি।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্ধ্রপ্রদেশের কোনো বাসিন্দা রয়েছেন কি না, সে বিষয়েও জানতে চেয়েছেন নারা লোকেশ। অবকাশ যাপনে যাওয়া অন্ধ্রপ্রদেশের কয়েকজন পর্যটক এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।