প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা। বৈঠকে দেশের মানুষের জন্য স্মার্টফোন ও ইন্টারনেট সেবা আরও সাশ্রয়ী করার বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে দেশের ডিজিটাল সেবা আরও সহজলভ্য করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্টফোন পৌঁছে দিতে আরও সাশ্রয়ী মূল্যে ডিভাইস সরবরাহের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
পাশাপাশি দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য ইন্টারনেট সেবা আরও সহজলভ্য করতে এর মূল্য কমানোর বিষয়টিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।